# চট্টগ্রামে হামে আক্রান্ত ৭১৬, শনাক্তদের মধ্যে ৩ জনের মৃত্যু

- Link: https://channelone.news/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/
- Published: ২০২৬-০৮-৩১T১৮:৪৭:৪৫+০৬:০০
- Author: জে আই জাহিদ

![](https://channelone.news/wp-content/uploads/2026/08/hum-virus.jpg)

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৭১৬ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে মহানগর
এলাকায় আক্রান্তের সংখ্যা ৪৭২ এবং উপজেলায় ২৪৪ জন। শনাক্তদের মধ্যে এ পর্যন্ত ৩ জন 
মারা গেছে।

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমানের সই করা
প্রতিবেদনে হামের তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় হাম সন্দেহে এ পর্যন্ত ৬ হাজার ৯৭৭ জনকে হাসপাতালে ভর্তি
করা হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ৬ হাজার ৬৪৩ জন এবং ১৫ উপজেলায় ৩৩৪ জন ভর্তি হয়েছেন।

এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৬৮৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি
রয়েছেন ২৯২ জন। এর মধ্যে মহানগরে ২৯০ জন এবং উপজেলায় দুজন চিকিৎসাধীন।

হামের সন্দেহজনক রোগীদের মধ্যে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগরে ১০
জন এবং উপজেলায় দুজন। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৩ 
জনের।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মহানগর এলাকায় এ পর্যন্ত ১ হাজার ৬৪৫টি নমুনা
পরীক্ষা বা পাঠানো হয়েছে। উপজেলাগুলো থেকে নমুনা পাঠানোর সংখ্যা ৩১৫টি।
