জামালপুরের রশিদপুরে বহুল আলোচিত গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মোঃ ছাত্তার আলী, মোঃ আব্দুল মালেক এবং মোঃ আনু।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদরের রশিদপুর ভাটিপাড়া এলাকায় ভুক্তভোগীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের হয়।
দীর্ঘ শুনানি ও ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার নির্দেশ দেন আদালত, যা ভুক্তভোগীকে প্রদান করা হবে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
