চুরি করতে এসে প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে চালানো হলো নানা কৌশল। কিন্তু শেষ রক্ষা হলো না!
চুরির সময় স্থানীয়দের হাতেনাতে ধরা পড়ে এক যুবক। এরপর শুরু হয় অভিনব ‘শাস্তি’! চোরকে মারধর না করে স্থানীয়রা দিলেন নাচের নির্দেশ। আর নির্দেশ পেয়ে চোরও যেন হয়ে গেলেন একেবারে ‘ড্যান্সার’!
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫ টার দিকে ফরিদপুর শহরতলীর গঙ্গাবরদী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানাগেছে।
স্থানীয়দের সামনে যুবকের সেই নাচ দেখে কেউ হাসছেন, কেউ আবার মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। কয়েক মিনিটের এই ‘ডান্স শো’ শেষে অবশ্য আর কোনো সুযোগ দেওয়া হয়নি। নাচ শেষ, এবার সরাসরি পুলিশের হাতে দেন স্থানীয়রা।
