গাজা সিটিতে সামরিক অভিযান চালানোর সময় হামাসের এক জ্যেষ্ঠ সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী কাটজ আটক ব্যক্তির পরিচয় বা তাকে কীভাবে আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি। তবে টাইমস অব ইসরায়েলে উদ্ধৃত এক ইসরায়েলি নিরাপত্তা সূত্রের দাবি, ওই ব্যক্তি হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার প্রধান।
এদিকে গাজা থেকে পাওয়া তথ্যের সঙ্গে ইসরায়েলি দাবির ভিন্নতা দেখা গেছে। গাজায় একটি সূত্র এএফপিকে জানিয়েছে, হামাসের একজন গুরুত্বপূর্ণ নেতাকে আটক করতে পরিচালিত ইসরায়েলি বিশেষ অভিযান ব্যর্থ হয়েছে। পরে ইসরায়েলি বাহিনীর বিশেষ কমান্ডোরা ইসরায়েলি বিমান সহায়তার মধ্যে মোটরসাইকেলে করে এলাকা ছেড়ে যায় বলে দাবি করা হয়েছে।
হামাসের গাজা মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা দাবি করেছেন, অভিযানের সময় ইসরায়েলি কমান্ডোরা শনাক্ত হয়ে যায়।
এদিকে মঙ্গলবার সকাল থেকে গাজা সিটিতে ইসরায়েলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন।
